২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে খবর প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রতিবাদ

সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন বলেন, সাংবাদিকের অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে।

Shahria Bappy Shahria Bappy

Published : 23 Sep 2026, 11:37 PM

Updated : 23 Sep 2026, 11:37 PM

নোয়াখালীর সোনাইমুড়ীতে এতিমখানার দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা রেকর্ড করছে না- এমন অভিযোগে বুধবার দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোনাইমুড়ী ফয়েজিয়া এতিমখানা মাদ্রাসায় এতিমদের সরকারি বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগ এনে স্থানীয় ও জাতীয় দৈনিকে দুটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক মোহাম্মদ হানিফ। সংবাদ প্রকাশের পর ১৮ সেপ্টেম্বর আলোচনার কথা বলে সাংবাদিক মোহাম্মদ হানিফ ও মনিরুজ্জামানকে ডেকে নেন এতিমখানার মুহতামিম শফিকুর রহমান। সেখানে শফিকুর ও তার সহযোগীরা তাদের মারধর করে আহত করেন।

পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করেনি এবং রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ সংগ্রহ না করে উল্টো সময়ক্ষেপণ করছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

সাংবাদিকরা অভিযোগ করেন, উল্টো দুই সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দেওয়া হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবু, নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক নাসির উদ্দিন বাদল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, আরটিভি ও দৈনিক আগামীর সময়ের নোয়াখালী প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মুজাহিদ ইসলাম সোহেল, সোনাইমুড়ী প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঞা, সোনাইমুড়ী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজ।

অভিযোগের বিষয়ে সোনাইমুড়ী ফয়েজিয়া এতিমখানা মাদ্রাসায় মোহতামিম শফিকুর রহমান বলেন, “আমাদের এতিমখানা নিয়ে দুটি প্রতিবেদন এবং মিথ্যা এবং ভিত্তিহীন। এতিমদের জন্য সরকারি বরাদ্দ আত্মসাৎ করা হয়নি।”

প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি মোতাহের হোসেন মানিক বলেন, সরকারি বরাদ্দ যথাযথ নিয়ম মেনেই ব্যাংক থেকে উত্তোলন করে খরচ করা হয়। এখানে টাকা আত্মসাতের সুযোগ নেই।

তিনি বলেন, চড়ুইভাতি রেস্তোরাঁয় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। মোহতামিম শফিকুর রহমান নন, অন্যদের হামলায় সাংবাদিক হানিফ আহত হয়েছেন এটা সত্য।

“তবে, এরপর হানিফও তার লোকজন নিয়ে শফিকুর রহমানের ধানসিড়ি রেস্তোরাঁয় হামলা চালিয়েছেন। দুটি ঘটনায় দুই পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।”

সোনাইমুড়ী থানার ওসি মো. কবির হোসেন বলেন, সাংবাদিকের অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। তবে মামলা রেকর্ডের জন্য বাদীকে এফআইআরে স্বাক্ষর করতে থানায় আসতে বলা হলেও তিনি আসেননি; বাদী এলেই মামলা রেকর্ড করা হবে।