চাঁদপুরে বালুবাহী ২৪ বাল্কহেড জব্দ, আটক ৫০
কাগজপত্র না থাকায় ১৯টি বাল্কহেড মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
চাঁদপুরে বালুবাহী ২৪ বাল্কহেড জব্দ ও এসব বাহনের ৫০ শ্রমিক-কর্মচারীকে আটক করা হয়েছে।
গত বুধবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনায় নৌপুলিশের বিশেষ অভিযান চলে।
অভিযানে জব্দ বাল্কহেডের কাগজপত্র না থাকায় ১৯টির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অভিযানে ছিলেন নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সফিকুল ইসলাম।
তিনি বলেন, “দেশের সাড়ে ছয় হাজার নৌপথকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান।”
তিনি আরও বলেন, “সম্প্রতি বাল্কহেডের কারণে মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। এসব দুর্ঘটনা ছাড়াও নৌ ডাকাতি এড়াতে নৌপুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।”
এ অভিযানে নৌপুলিশের আড়াইশত সদস্যসহ উপস্থিত ছিলেন চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নৌপুলিশ সুপার মিনা মাহমুদা, ফরিদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার আশিকুজ্জামান ও হেড কোয়ার্টারের নৌপুলিশ সুপার আহাদুজ্জামান।
