১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় গাড়ি ভাঙচুর, ছাত্রদল নেতাসহ ‘হাতেনাতে’ আটক ৫

পুলিশের ভাষ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মালবাহী ট্রাকে হামলার সময় পুলিশ ধাওয়া দিয়ে ছাত্রদল নেতা আতিককে আটক করে।

কুমিল্লায় গাড়ি ভাঙচুর, ছাত্রদল নেতাসহ ‘হাতেনাতে’ আটক ৫

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাঙচুরের সময় আটক ছাত্রদল নেতা আতিক রুবেল।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 04:27 PM

Updated : 01 Nov 2023, 04:27 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণে কয়েকটি ট্রাক ভাঙচুরের সময় হাতেনাতে এক ছাত্রদল নেতাকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন বুধবার ধরা পড়েন

আতিক রুবেল, যিনি কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি।

কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের হরিপুর এলাকায় তার বাড়ি।

বুধবার সকালে উপজেলার মোস্তফাপুর ও জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জেলার বিভিন্ন স্থানে পিকেটিং করার সময় আরো চার জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Image

এই গাড়িটি ভাঙচুরের অভিযোগেই ছাত্রদল নেতা আতিক রুবেলকে আটক করে পুলিশ।

কর্মকর্তারা জানান, সকালে মহাসড়কে চলাচলরত মালবাহী কয়েকটি ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করে পিকেটাররা। লাঠি দিয়ে তারা গাড়ি ভাঙচুর করে একটি লরির চাবি কেড়েও নেয়। এ সময় পুলিশ ধাওয়া দেয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি আলমগীর ভূঁইয়া বলেন, “অবরোধের দ্বিতীয় দিন মহাসড়কের মোস্তফাপুর এলাকায় সেন্ট্রাল হসপিটালের কাছে কয়েকজন পিকেটিং করছিল। তারা ঢিল ছুড়ে গাড়ি ভাঙচুর করছিল।

“তাদের ছোড়া ঢিলে অন্তত তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তখন পিকেটাররা দৌড়ে পালাতে চেষ্টা করে। এ সময় আতিক রুবেল মাটিতে পড়ে যান। পরে তাকে আমরা আটক করে থানায় নিয়ে আসি।”

পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, “বুধবার সড়কে পিকেটিং করার সময় মোট ৫ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। এদের মধ্যে ব্রাহ্মণপাড়া থানা এলাকায় তিনজন, চৌদ্দগ্রামে একজন এবং কুমিল্লা সদর দক্ষিণে একজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”