২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় কচুরিপানার নিচে মিলল অটোরিকশাচালকের মরদেহ

প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডে জড়িত দুই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 02:30 PM

Updated : 27 Sep 2026, 02:42 PM

বগুড়ায় অজ্ঞাত পরিচয় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে; যাকে চেতনানাশক খাইয়ে গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

কাহালু উপজেলার বেলঘরিয়া এলাকা থেকে শনিবার রাতে ওই চালকের লাশ উদ্ধার করা হয় বলে কাহালু থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন।

নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওসি শফিকুল বলেন, “অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই চালককে চেতনানাশক খাইয়ে হত্যা করা হয়। তবে আশপাশে লোকজন উপস্থিত থাকার কারণে অটোরিকশাটি নিয়ে পালাতে পারেনি। এক পর্যায়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

“পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে পাশের একটি ডোবায় কচুরিপানার নিচে অজ্ঞাত পরিচয় ওই অটোরিকশাচালকের লাশ দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।”

 নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।  

 তিনি বলেন, প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডে জড়িত দুই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।