খাগড়াছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ সদস্য উদ্ধার
সোমবার গভীর রাতে ইউপিডিএফের চারজনকে হত্যার ঘটনার পর থেকে নীতি দত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও প্রকাশ ত্রিপুরা নিখোঁজ ছিলেন।
খাগড়াছড়ি পানছড়ি থেকে অপহৃত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের তিন সদস্যকে পাহাড়ের ওপর একটি জুমঘর থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাদেরকে উদ্ধার করে পানছড়ি থানায় নিয়ে আসা হয় বলে জানিয়েছেন পানছড়ি থানার ওসি সফিউল আজম।
তিনি জানান, উদ্ধারের পর রাতে হরি কমল ত্রিপুরা, প্রকাশ ত্রিপুরা ও নীতি দত্ত চাকমাকে থানায় নিয়ে আসেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গত সোমবার গভীর রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের দুর্গম অনিল পাড়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরা।
সেই ঘটনার পর থেকে নীতি দত্ত চাকমা, হরিকমল ত্রিপুরা ও প্রকাশ ত্রিপুরা নিখোঁজ ছিলেন। তাদের অপহরণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছিল।
বৃহস্পতিবার অপহৃতদের উদ্ধারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত ।
তিনি বলেন, ”গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছি। অভিযানে সব বাহিনীর সদস্য ছিলেন। আমি অভিযানটা লিড করেছি।
লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এই বিশেষ অভিযান শুরু হয়। দেড় ঘণ্টার এই অভিযান চলে রাত ১১টা পর্যন্ত। এ সময় পাহাড়ের ওপর একটি জুমঘর থেকে হাত এবং চোখ বাধা অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়।
“প্রাথমিক চিকিৎসা শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তারা সুস্থ আছে।”
উদ্ধারকৃতদের পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
পুরানো খবর
