০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ ‘মূলহোতা’ গ্রেপ্তার

অপ্রতিম হত্যাকাণ্ডের পর ২৩ সেপ্টেম্বর থেকে ‘কিশোর গ্যাং’ বিরোধী অভিযান শুরু করে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 03:49 PM

Updated : 05 Oct 2026, 03:49 PM

কুমিল্লায় ‘কিশোর গ্যাং’ বিরোধী অভিযানে তিনটি গ্যাংয়ের পাঁচ ‘মূলহোতা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কোতোয়ালি থানা এলাকার ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯), চৌদ্দগ্রামের ‘১২০৭’ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯), মো. জাফর আহমদ (২৩) ও সাইফুল ইসলাম (২০) এবং মনোহরগঞ্জের ‘পিএক্স টেন’ গ্যাংয়ের মো. শাকিব (১৭)।

পুলিশের ভাষ্য, প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে।

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিট এ অভিযান চালাচ্ছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার পর ২৩ সেপ্টেম্বর থেকে জেলায় ‘কিশোর গ্যাং’ বিরোধী অভিযান শুরু হয়।