২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে ধানক্ষেতের পাশে সড়কে মিলল মাদ্রাসাছাত্রের মরদেহ

মা-বাবার বিচ্ছেদের পর থেকে সে নানার বাড়িতে থেকে মাদ্রাসায় লেখাপড়া করত বলে জানিয়েছেন স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 04:46 PM

Updated : 22 Sep 2026, 05:31 PM

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক থেকে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যা গ্রামের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চরজব্বর থানার ওসি রফিকুল হাসান।

নিহত ১৪ বছর বয়সী নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। সে সুবর্ণচরে তার নানার বাড়িতে থেকে চরজব্বর ইউনিয়নের দারুল উলুম মাদানী নগর মাদ্রাসার নাজেরা বিভাগে পড়াশোনা করত।

পুলিশ ও স্বজনরা জানান, নাঈম মধ্য বাগ্যা গ্রামের এবায়েদ উল্যার মেয়ের ঘরের নাতি। তিন বছর আগে তার মা-বাবার বিচ্ছেদ হয়। এরপর থেকে সে নানার বাড়িতে থেকে মাদ্রাসায় পড়াশোনা করছিল।

সোমবার রাতে খাবার খেয়ে নানার বাড়িতে ঘুমিয়ে পড়ে নাঈম। মঙ্গলবার ফজরের সময় তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল ৭টার দিকে নাঈমের নানা এবায়েদ উল্যাহ সার কিনতে যাওয়ার পথে ধানখেতের পাশে সড়কের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

এবায়েদ উল্যাহর অভিযোগ, “কয়েকদিন আগে নাঈমের মা সুমি আক্তারের আবার বিয়ে হয়। এরপর নাঈমের বাবা ইব্রাহীম খলিল তাকে হুমকি দিয়ে বলেন, ছেলের আয়-রোজগারের টাকা তাকে খেতে দেওয়া হবে না।”

এ অভিযোগের বিষয়ে জানতে ইব্রাহীম খলিলের মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার বলেন, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

“নাঈমের থুতনির নিচে ছিঁড়ে যাওয়ার মতো দাগ রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।