ধান কাটার মেশিন দেখতে গিয়ে প্রাণ গেল শিশুর
অসাবধানতাবশত মরিয়ম মেশিনটির নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভোলার তজুমদ্দিন উপজেলায় ধান কাটার মেশিন হারভেস্টার দেখতে গিয়ে চাপা পড়ে এক শিশুর প্রাণ গেছে।
উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে একটি কৃষি জমিতে এ ঘটনা ঘটে বলে তজুমদ্দিন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান।
নিহত আট বছর বয়সী মরিয়ম একই উপজেলার চাঁচড়া ইউনিয়নের দক্ষিণ চাঁচড়া গ্রামের ইলেকট্রিশিয়ান মো. নুরুল ইসলামের মেয়ে।
ওসি মাকসুদুর রহমান বলেন, দুইদিন আগে চাচির সঙ্গে তাদের বাড়িতে বেড়াতে যায় মরিয়ম। রোববার বিকালে বাড়ির পাশের কৃষি জমিতে কৃষকরা হারভেস্টার মেশিন দিয়ে আমন ধান কাটছিলেন।
এ সময় মরিয়মসহ আরও কয়েকটি শিশু মেশিনটি দেখতে ভিড় জমায়।
এক পর্যায়ে অসাবধানতাবশত মরিয়ম মেশিনটির নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় তজুমদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
