১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শাহজাহান ওমরের ‘সঙ্গে থাকা’ ২ বিএনপি নেতাকে অব্যাহতি

অব্যাহতি প্রাপ্তরা হলেন, রাজাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. হেমায়েত হোসেন সেলিম ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. সামছুল আলম মানিক।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2023, 09:06 PM

Updated : 03 Dec 2023, 09:06 PM

ঝালকাঠিতে দুই বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঝালকাঠি-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান ওমরের সঙ্গে নির্বাচনি কার্যক্রমে অংশ নেওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে স্থানীয় বিএনপির এক নেতা জানিয়েছেন।

রোববার বিকালে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক মো. সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন অব্যহতি প্রদানের সিদ্ধান্ত অনুমোদন করেন।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- রাজাপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. হেমায়েত হোসেন সেলিম ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. সামছুল আলম মানিক।

আগামী ৭ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার নৌকার প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসনে মনোনয়পত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের সামনে আসেন বিএনপির সাবেক এই ভাইস চেয়ারম্যান।

সন্ধ্যায় কারওয়ান বাজারে নিজের আইন পেশার চেম্বারে শাহজাহান ওমর বলেন, “এই মুহূর্ত থেকে আমি আর ‘বিএনপি ম্যান’ নই।”

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, “রাজাপুর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সামছুল আলম মানিক ফেইসবুক লাইভে শাহজাহান ওমরের পক্ষে নৌকার নির্বাচন করার কথা বলেছেন।

“আর যুগ্ম সম্পাদক হেমায়েত হোসেন সেলিম নির্বাচনি বাছাই কার্যক্রমে থাকাসহ বিভিন্ন কার্যক্রমে ওমরের পাশে ছিলেন; যা দলীয় সিদ্ধান্তবিরোধী ও শৃঙ্খলা ভঙ্গের শামিল। যার কারণে তাদের দল থেকে অব্যাহতি দেওয়া করা হয়েছে।”

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষের পর গাড়ি পোড়ানোর মামলা ৫ নভেম্বর গ্রেপ্তার হন শাহজাহান ওমর। ২৪ দিন পর বুধবার বিকালে জামিনের আদেশ এলে সন্ধ্যাতেই মুক্তি পান তিনি।

পরের দিন বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়পত্র ফেইসবুকে ভাইরাল হয়ে যায়।

গত রোববার আওয়ামী লীগ যে ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করে, সেখানে ঝালকাঠি-১ আসন দেওয়া হয় তিনবারের সংসদ সদস্য বজলুল হক হারুনকে। তবে শেষ মুহূর্তে তা পাল্টেছে ক্ষমতাসীন দল।