কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার স্ত্রী ও সন্তান হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা পেয়ে কারাগারে ছিলেন নজরুল।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা জানিয়েছেন, মারা যাওয়া কয়েদির নাম নজরুল ইসলাম (৩০)। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাবদা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।
তিনি জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার স্ত্রী ও সন্তান হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা পেয়ে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে ছিলেন নজরুল । ২০২১ সালের ২০ মার্চ তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। তার কয়েদি নম্বর ৪৯৭৬/এ।
“বৃহস্পতিবার সকালে কারাগারে অচেতন হয়ে পড়েন নজরুল। তাকে তাৎক্ষণিকভাবে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”
সুব্রত বালা আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নজরুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
