৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় ‘কিশোর গ্যাংয়ে’ সম্পৃক্ততার অভিযোগে আরও ৩৭৯ জন আটক

পুলিশ বলছে, অপ্রতিম হত্যাকাণ্ডের পর চার দফায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এ পর্যন্ত ১ হাজার ৬৭২ জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Sep 2026, 11:28 AM

Updated : 30 Sep 2026, 11:51 AM

কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাঁড়াশি অভিযান চালিয়ে কুমিল্লায় আরও ৩৭৯ জনকে আটকের খবর জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮ থানার পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা একযোগে কিশোর গ্যাংবিরোধী এ অভিযান চালান।

বুধবার সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) লুৎফর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ২৩ সেপ্টেম্বর থেকে টানা তিন দফায় জেলার ১৮টি থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১ হাজার ২৯৩ জনকে আটক করে পুলিশ। তাদের মধ্যে ৮৭৪ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৪১৯ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে আদালতে তোলা হয়।

পুলিশ জানায়, অপ্রতিমের হত্যাকাণ্ডের পর এ পর্যন্ত চার দফায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ১ হাজার ৬৭২ জনকে আটক করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, “কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে এমন বিভিন্ন স্থান, কিশোরদের আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়েছে। গত কয়েক দিনের ধারাবাহিক অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি ‘গ্যাং লিডাররা’ও ধরা পড়ছে।

“ফলে একদিকে কুমিল্লাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে, অন্যদিকে অপরাধপ্রবণতাও কমে আসছে। আমরা কিশোর অপরাধ নিয়ন্ত্রণে এ অভিযানের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।”

আটকদের মধ্যে কারা অপরাধের সঙ্গে জড়িত, তা যাচাই-বাছাই করা হচ্ছে বলে পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।

 তিনি বলেন, “যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উঠতি বয়সী কিশোরেরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে।”