২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ‘অপহৃত’ দুই পর্যটক উদ্ধার, আটক ২

দুই পর্যটককে একটি হোটেলে আটকে রেখে স্বজনদের কাছ থেকে ১ লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2022, 08:49 PM

Updated : 06 Sep 2022, 08:49 PM

কক্সবাজারে ‘অপহৃত’ দুই পর্যটককে উদ্ধার এবং অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই হোটেল কর্মচারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

সোমবার গভীর রাতে শহরের একটি হোটেল থেকে তাদের উদ্ধার এবং হোটেলটির দুই কর্মচারীকে আটক করা হয় বলে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন সহকারী সুপারিনটেনডেন্ট মো. মিজানুজ্জামান চৌধুরী জানান।

উদ্ধার দুই পর্যটক হলেন চট্টগ্রামের কর্ণফুলী থানার উত্তর বন্দরের বাসিন্দা মোহাম্মদ নাছিরের ছেলে নেওয়াজ নাছির (২৪) এবং আনোয়ারা উপজেলার চুন্না পাড়ার প্রয়াত নুরুল ইসলামের ছেলে নুরুল আইয়ুব (৪০)।

পুলিশ জানিয়েছে, অপহরণের পর দুই পর্যটককে একটি আবাসিক হোটেলের এক কক্ষে আটক রেখে নির্যাতন চালানো হয়। পরে মোবাইল ফোনে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে ১ লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়।

পুলিশ কর্মকর্তা মিজানুজ্জামান চৌধুরী জানান, রোববার বিকালে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকা এবং নবগঠিত ঈদগাঁও উপজেলা সদরের বাজার এলাকা থেকে এ দুজনকে অপহরণ করা হয়।

উদ্ধার হওয়া দুই পর্যটকের নাম প্রকাশ করলেও আটক দুই হোটেল কর্মচারীর নাম জানাতে রাজি হননি ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তারা।

ভুক্তভোগী পর্যটকদের বরাতে এএসপি মিজানুজ্জামান বলেন, রোববার ভোরে চট্টগ্রাম থেকে দুইটি মোটরসাইকেলে দুই পর্যটক কক্সবাজার বেড়াতে আসেন। ওইদিন সকাল সাড়ে ৮টায় কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের 'আলফা ওয়েব গেস্ট হাউজ' নামের একটি আবাসিক হোটেলের ষষ্ঠ তলার 'স্পা সেন্টারে' একজন পর্যটক স্পা করতে যান। সেখানে ওই পর্যটক প্রায় দুই ঘণ্টা পর্যন্ত স্পা করেন।

"ওই সময় পর্যটক নুরুল আইয়ুবের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ হয় স্পা-কর্মীর। এক পর্যায়ে পর্যটকের কাছ থেকে আয়সহ বিভিন্ন তথ্যাদি জেনে নেয় স্পা-কর্মী।"

মিজানুজ্জামান বলেন, ওইদিন বিকাল ৪টায় দুই পর্যটক মোটরসাইকেলে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন। এ সময় দুই পর্যটক পরস্পর কিছুটা দূরত্ব বজায় রেখে গাড়ি চালাচ্ছিলেন। এক পর্যায়ে নুরুল আইয়ুব কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় পৌঁছলে মোটরসাইকেল যোগে এসে চার ব্যক্তি গতিরোধ করে।

“পরে তাকে পুলিশ পরিচয় দিয়ে ধরে নিয়ে যায়। এরপর ওই পর্যটককে হোটেল সী-পার্ল-১ এর ৫-সি কক্ষে আটকে রাখে।"

পুলিশ কর্মকর্তা আরও বলেন, মোটরসাইকেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে আগাতে থাকা অপর পর্যটক নেওয়াজ নাছিরকে পিছন থেকে তাড়া করছিল দুর্বৃত্তদের আরেকটি মোটরসাইকেল।

“নবগঠিত ঈদগাঁও উপজেলা সদর স্টেশনের কিছুটা আগে তার গতিরোধ করে পুলিশ পরিচয় দিয়ে তুলে আনার চেষ্টা চালায়। তিনি গাড়িতে উঠতে না চাইলে মোবাইল ফোনে অন্য দুর্বৃত্তদের বিষয়টি অবহিত করে। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিচয় দিয়ে ওই পর্যটককে গাড়িতে তুলে নেয়। এরপর ওই পর্যটককেও হোটেল সী-পার্লের এনে আটকে রাখে।"

মিজানুজ্জামান বলেন, অপহরণ করে আনা দুই পর্যটককে হোটেল কক্ষে জিম্মি রেখে চালানো হয় শারীরিক নির্যাতন। এক পর্যায়ে পর্যটক নুরুল আইয়ুবের স্ত্রী নাসরিন সুলতানার মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়। এতে অপহরণকারীদের দেওয়া চারটি বিকাশ নম্বরে আদায় করা হয় ১ লাখ ৯০ হাজার টাকা। এরপর ওই দুই পর্যটককে হোটেল কক্ষের ভিতরে আটকে রেখে দরজা বন্ধ করে অপহরণকারীরা পালিয়ে যায়।

“রাত ২টায় নুরুল আইয়ুবের স্ত্রী ৯৯৯ নম্বর ফোন করে জানালে ট্যুরিস্ট পুলিশের একটি দল হোটেল কক্ষ থেকে তাদের উদ্ধার এবং হোটেলটির দুই কর্মচারীকে আটক করে।”

মিজানুজ্জামান জানান, ঘটনার পর থেকে পর থেকে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের কলাতলীর আবাসিক হোটেল ওয়ার্ল্ড বে-এর পার্কিং থেকে একটি এবং ওয়ার্ল্ড বিচ রিসোর্টের সামনে থেকে পর্যটকদের আরেকটি মোটরসাইকেল পুলিশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পর্যটকরা কক্সবাজার সদর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।