ময়মনসিংহে মেডিকেলে ডেঙ্গু রোগীর মৃত্যু, নতুন ভর্তি ৫
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনটি ওয়ার্ডে মোট ২৩ জন পুরুষ রোগী ভর্তি আছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন পাঁচ জন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আব্দুর রাজ্জাক। এর এক ঘণ্টা পর তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন হীরা ।
৫০ বছর বয়সী আব্দুর রাজ্জাক জেলার তারাকান্দা উপজেলার মৃত মাহিমের ছেলে। তিনি গাজীপুরের মাওনাতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন।
শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়- ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এসব ওয়ার্ডে মোট ২৩ জন পুরুষ রোগী ভর্তি আছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন পাঁচ জন ডেঙ্গু রোগী।
ডা. হীরা বলেন, “প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে। প্রায় প্রতিদিনই পাঁচ থেকে সাত জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। এদের মধ্যে বেশির ভাগই নারায়ণগঞ্জ, সিলেট, জামালপুর, ঢাকা ও গাজীপুর থেকে আক্রান্ত হয়ে আসা “
তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের মশারি টানাতে অনীহা আছে। রোগীদের প্রতি নজরদারি বাড়ানোর পাশাপাশি আলাদা ওয়ার্ড গঠনে প্রস্তুতি নেওয়া হয়েছে। রোগী ভর্তি ৩০ জন পার হলেই চালু করা হবে আইসোলেশন ওয়ার্ড।
আরও পড়ুন
