শেরপুরে দুই অটোরিকশায় বাসের ধাক্কা, এক চালক নিহত
শহরের ব্যস্ততম এলাকা শাপলা চত্বরে ব্যাটারিচালিত দুইটি অটোরিকশাকে চাপা দেয় বাসটি।
শেরপুরে শহরে দুইটি ব্যাটারিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
শহরের ব্যস্ততম খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি বছির আহমেদ বাদল।
নিহত মজনু পাগল (৬০) শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নের মধ্যকুমরি বটতলা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
আহতরা হচ্ছেন জোবেদা বেগম (৫৫), আপন (২০) ও আব্দুর রব (৩০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে যমুনা পরিবহনের ঢাকা থেকে জামালপুরের বকশিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস শাপলা চত্বরে ব্যাটারিচালিত দুইটি অটোরিকশাকে চাপা দেয়। এতে এক অটোরিকশার চালক মজনু ঘটনাস্থলেই মারা যান।
সেইসঙ্গে ওই দুই অটোরিকশার তিন যাত্রী আহত হলে তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি বছির আহমেদ বাদল জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
