Published : 12 Jun 2023, 03:02 PM
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন শাহজাহান হাওলাদার নামে শতবর্ষী এক বৃদ্ধ।
সোমবার সকালে ভোটগ্রহণ শুরুর প্রথম দিকেই তিনি সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের তৃতীয় তলায় গিয়ে ভোট দেন।
ভোট কেন্দ্রে আসতে তাকে সহযোগিতা করেন সদর উপজেলার চরবাড়িয়া ইউনয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য ফিরোজ গাজী। তার হাত ধরেই শাহজাহান হাওলাদার কেন্দ্রে প্রবেশ করেন।
তবে বয়সের কারণে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে পারেননি ওই বৃদ্ধ।
এর আগে সকালে ৮টায় এ সিটি করপোরেশনের ভোটগ্রহণ শুরু হয়; চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবারই প্রথম এ সিটির নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করা হচ্ছে।
নির্বাচনে মোট সাতজন প্রার্থী মেয়র পদে ভোটের লড়াইয়ে আছেন। তাদের মধ্যে আলোচনার কেন্দ্রে আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
এছাড়া জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (হাতপাখা), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু গোলাপফুল) এবং স্বতন্ত্র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার (হরিণ), মো. আসাদুজ্জামান (হাতি) ও মো. কামরুল আহসান (টেবিল ঘড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিটি করপোরেশনটির ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আর ভোটার আছেন মোট ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন ও নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন।
ভোট শেষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।