০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

অবৈধভাবে সার মজুদ: সিরাজগঞ্জে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা

গুদামে মজুদ রাখা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 02:45 PM

Updated : 02 Oct 2026, 02:55 PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় নিয়ম বহির্ভূতভাবে গুদামে সার মজুদ রাখার অভিযোগে এক জামায়াত নেতাকে অর্থদণ্ড দিয়েছে প্রশাসন।

এ সময় অবৈধভাবে গুদামে মজুদ রাখা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় একটি সারের গুদামে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

অর্থদণ্ড পাওয়া মনিরুল ইসলাম কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং ধোপাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, একটি অটোরিকশায় করে রাতে মনিরুল ইসলামের গুদামে সার নেওয়া হচ্ছিল। ঘটনাটি আশেপাশের লোকজনের নজরে এলে তারা উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তাকে জানান।

এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শনে যান।

আব্দুল্লাহ আল মামুন বলেন, “খবর পেয়ে পেয়ে ওই গুদামে গিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১৮ বস্তা ইউরিয়া সরা জব্দ করা হয়।

“এ অপরাধে গুদামের মালিক মনিরুল ইসলামের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।”

অভিযানের সময় কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন ও কামারখন্দ থানার ওসি হাশমত আলী উপস্থিত ছিলেন।