২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে ভিক্ষুক সেজে বাসায় ঢুকে বৃদ্ধাকে হাতুড়িপেটা, স্বর্ণ ছিনতাই

তাকে ভিক্ষুক মনে করে দরজা খুলেছিলেন বৃদ্ধার মেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 07:52 PM

Updated : 24 Sep 2026, 07:52 PM

মানিকগঞ্জ শহরে ভিক্ষুকের ছদ্মবেশে বাসায় ঢুকে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে আঘাত করে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার উত্তর সেওতা এলাকার বায়তুল আমান ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো. মনির হোসেন।

এ ঘটনায় হাজেরা বেগম (৭০) আহত হয়েছেন। তিনি বর্তমানে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

হাজেরা বেগমের মেয়ে আলেয়া বেগম বলেন, বোরকা পরা এক ব্যক্তি ভিক্ষুকের ছদ্মবেশে তাদের বাসার দরজায় কড়া নাড়েন। তার মা দরজা খুললে ওই ব্যক্তি হাতে থাকা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যান।

ওই ব্যক্তির হাতে থাকা ব্যাগে কিছু চাল ছিল। এ কারণে তাকে ভিক্ষুক মনে করে দরজা খুলেছিলেন বলে জানান আলেয়া।

হামলার পর হাজেরা বেগমের চিৎকার শুনে পাশের বাসার লোকজন ছুটে আসেন। তারা তাকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে আলেয়া তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ওসি মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।