০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চাটখিল হাসপাতালে শিশুর মৃত্যুর পর ভাঙচুর, তদন্ত কমিটি গঠন

সোমবার জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ নানা জাটিলতা নিয়ে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 05:11 PM

Updated : 06 Oct 2026, 05:11 PM

নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই মাস বয়সি এক শিশুর মৃত্যুর ঘটনায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালিয়েছেন স্বজনরা।

সোমবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে বলে চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ জানান।

মারা যাওয়া ফাতেমা হাসান রিমি চাটখিল উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর মুন্সিমিয়া চৌকিদার বাড়ির রবিউল হাসান ও উম্মে সালমা দম্পতির সন্তান।

শিশুটির মা উম্মে সালমার অভিযোগ, চিকিৎসক ও নার্সের ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে।

স্বজনরা জানান, সোমবার দুপুর ২টার দিকে রিমিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত নার্স শিশুটিকে ইনজেকশন ও স্যালাইন দেন। এর কিছুক্ষণ পর রিমির শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিকালে শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহরিন আক্তার বলেন, শিশুটি এক মাস ধরে অসুস্থ ছিল এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। সোমবার জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ নানা জাটিলতা নিয়ে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

এ চিকিৎসক দাবি করেন, বিকালে স্যালাইন চলার সময় শিশুটির মা তাকে বুকের দুধ খাওয়ালে তা শ্বাসনালীতে আটকে শিশুটির মৃত্যু হয়। শিশুটি হামে আক্রান্ত ছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।

এ দিকে শিশুটির মৃত্যুর পরে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন স্বজনরা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, দুই মাস বয়সি শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভাঙচুরের খবর পেয়ে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিনি ঘটনাস্থলে যান। পরে শিশুটির স্বজনদেরকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

শিশুটির স্বজনরা এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ হাতে পেলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, বলেন ওসি।

এদিকে মঙ্গলবার দুপরে এ ঘটনায় জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা সিভিল সার্জন আনোয়ারা হোসেন বলেন, পুরো বিষয়টি তদন্তে চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহরিন আক্তারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

কমিটির অপর দুই সদস্য হলেন, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহীদুল আহমেদ নয়ন এবং সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক ও শিশু বিশেষজ্ঞ এ.এফ.এম আমিনুল ইসলাম।

তাদেরকে ৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান জেলা সিভিল সার্জন।