০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

জমি নিয়ে বিরোধ, ‘দখল করতে’ গিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ময়মনসিংহের গৌরীপুরের চরভাবখালী গ্রামের আব্দুর রাশিদের সঙ্গে দেড় একর জমি নিয়ে মকবুল হোসেনের বিরোধ চলছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 04:48 PM

Updated : 03 Oct 2026, 04:48 PM

ময়মনসিংহের গৌরীপুরে ‘জমি দখল’ করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান।

নিহত মকবুল হোসেন (৫০) একই ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের কছুমুদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি হাবিবুর রহমান বলেন, চরভাবখালী গ্রামের আব্দুর রাশিদের সঙ্গে দেড় একর জমি নিয়ে মকবুল হোসেনের বিরোধ চলছিল। জমিটি আব্দুর রাশিদের দখলে ছিল। দুপুরে সেটি দখলে নিয়ে হালচাষ করতে লোকজন নিয়ে জমিতে যান মকবুল হোসেন।

এ সময় আব্দুর রাশিদ নিজের লোকজন নিয়ে তাদের বাধা দেয়। এতে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আব্দুর রাশিদের লোকজন মকবুল হোসেনসহ চারজনকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় মকবুলকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।