২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ‘ডাকাতি শেষে পালানোর’ সময় দুজনকে পিটিয়ে হত্যা

সকালে সন্দেহজনক চলাফেরা করায় দুইজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মাদারীপুরে ‘ডাকাতি শেষে পালানোর’ সময় 
দুজনকে পিটিয়ে হত্যা

পুলিশ দুজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মির্জন খালাসীকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2023, 12:57 PM

Updated : 21 Nov 2023, 04:29 PM

মাদারীপুরের শিবচর উপজেলায় ‘ডাকাতি শেষে পালানো’র সময় দুইজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা। ডাকাতের হামলায় একজন আহত হয়েছেন।

পরে ডাকাত সন্দেহে আরও দুজনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার ভোরে ও সকালে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবচর থানার ওসি সুব্রত গোলদার।

 নিহতরা হলেন- মির্জন খালাসী (৪২) ও হাসমত বেপারী (৪৩)।

গণপিটুনিতে আহত হয়েছেন সাগর হাওলাদার (২৮) ও মোস্তফা কামাল (৬৫)। ডাকাতদের হামলায় আহত হয়েছেন দেলোয়ার হাওলাদার।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে বাজিতপুর এলাকায় পাঁচজনের ডাকাত দলটি প্রথমে আবদুল হালিমের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে ডাকাতরা পালিয়ে যায়।  

ডাকাত দলটি এরপর একই এলাকার ভ্যানচালক দেলোয়ার হাওলাদারের বাড়িতে হানা দেয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে।

তবে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে মির্জন খালাসী ও হাসমত বেপারীকে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে এসআই গোলজার হোসেনসহ পুলিশ গিয়ে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মির্জন খালাসীকে মৃত ঘোষণা করেন। মির্জন শিবচর উপজেলার সম্ভুক এলাকার মৃত আবু আলী খালাসীর ছেলে।

স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাইনুল ইসলাম বলেন, ভোররাতে দুজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই মির্জন খালাসীর মৃত্যু হয়েছে।

অপরদিকে হাসমত বেপারীকে শিবচর থেকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হলে দুপুরের দিকে তিনি মারা যান।

এদিকে সকালে স্থানীয়দের সহায়তায় আরও দুজনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি সুব্রত গোলদার বলেন, “সকালে সন্দেহজনক চলাফেরা করায় সাগর হাওলাদার ও মোস্তফা কামালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।”