১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে পুকুরে ‘বিষ দিয়ে ৭০ মণ’ মাছ নিধন

পূর্ব শত্রুতার জেরে কেউ পুকুরে বিষ দিয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2023, 09:10 PM

Updated : 01 Nov 2023, 09:10 PM

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি পুকুরে বিষ দিয়ে প্রায় ৭০ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে।

বুধবার সকালে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ধনঞ্জয় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হিল জামান।

এ ঘটনায় ভুক্তভোগী মৎস্যচাষি আব্দুর রাজ্জাক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, “রাজ্জাক প্রথমে শখের বসে মাছ চাষ শুরু করেন। তবে গত বছর দুই একর জমিতে পুকুর খনন করে বাণিজ্যিকভাবে মৎস্য চাষ শুরু করেন তিনি। স্বামী-স্ত্রী মিলে খামারটি দেখাশুনা করেন। মাছ বিক্রি করে পরিবারের ভরণপোষণও চালান তিনি।

“প্রতিদিনের মত মঙ্গলবার রাত ৩টার পর খামার থেকে বাড়িতে চলে যান রাজ্জাক। পরদিন সকালে পুকুর পাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখেন। পুকুরটিতে কার্ফু, গ্লাস কার্প, সরপুঁটি, কাতল, রুই, ব্রিগেড, সিলভার কার্প, শিংসহ দেশি বিভিন্ন প্রজাতির প্রায় ৭০ মণ মাছ মারা গেছে; যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।”

কান্নাজড়িত কণ্ঠে রাজ্জাক বলেন, “রাতের অন্ধকারে কে বা কারা আমার পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে সব মাছ মেরে ফেলেছে। অনেক চেষ্টা করেছি মাছগুলো বাঁচানোর। ঋণ করে মাছ চাষ করেছি। দুর্বৃত্তরা আমাকে রাস্তায় নামিয়ে দিল।”

পূর্ব শত্রুতার জেরে কেউ পুকুরে বিষ দিয়েছে দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন রাজ্জাক।

রাজ্জাকের প্রতিবেশী আকরাম হোসেন বলেন, “মানুষের মধ্যে শত্রুতা দেখেছি। কিন্তু মাছের সঙ্গে শত্রুতা করে এমন ঘটনা এলাকায় প্রথম দেখলাম। পুকুরে মাছ মরে ভেসে উঠলে দুর্গন্ধে বাড়িতে থাকা কষ্টকর হয়ে পড়েছে। জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তদন্ত সাপেক্ষে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওসি আব্দুল্লাহ হিল।