যশোরে বিএনপির চার নেতার বাড়িতে হামলা
বিএনপি নেতাদের অভিযোগ, তাদের কোনো আন্দোলন জোরদার হলেই এভাবে হামলা করা হয়।
যশোরে মধ্যরাতে চার বিএনপির নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ কয়েক নেতার বাড়িতে শুক্রবার গভীর রাতে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
নার্গিস বেগম বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের স্ত্রী। ঘটনার সময় তার ছেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতও বাড়িতে ছিলেন।
রাতে এ হামলার ঘটনার কিছু সময় পর অনিন্দ্য বলেন, আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী ‘জয়বাংলা শ্লোগান’ দিয়ে তাদের ও বিএনপির অন্য নেতাদের বাড়িতে হামলা চালায়। বিষয়টি তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।
নার্গিস বেগম বলেন, “শুক্রবার রাত ২টার কিছু আগে একদল দুর্বৃত্ত মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলে এসে জয় বাংলা শ্লোগান দিয়ে হামলা চালায়। হামলাকারীরা বাসার সামনে রাস্তার বৈদ্যুতিক বাল্বগুলো ভেঙে ফেলে এবং অন্ধকারে বৃষ্টির মতো এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।
“ইট-পাটকেলের আঘাতে ভবনের জানালার মূল্যবান কাচগুলো ভেঙে যায়। বাড়ির ভিতরে রাখা একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়।”
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এভাবে হামলা করা হয়েছিল বলে বিএনপির এ নেত্রী জানান।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান বলেন, প্রথমে হামলা করা হয় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের শহরের ঘোপ পিলু খান রোডের বাড়িতে। তারপর উপ-শহরে দলের সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও তার বাড়িতে এবং সবশেষ যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের ধর্মতলা এলাকার বাড়িতে হামলা হয়।
মিজান বলেন, “হামলাকারীরা জয়বাংলা শ্লোগান দিয়ে প্রতিটি বাড়িতে ইট-পাটকেল ছুঁড়ে জানালা-দরজার কাচ ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করে । বাড়ির সামনে রাখা মাইক্রোবাসও ভাঙচুর করা হয়। এ সময় পরিবারের সকলে আতঙ্কিত হয়ে পড়েন।
“বিএনপির কোনো আন্দোলন জোরদার হলেই এভাবে হামলা করা হয়। এর আগে দুই বার একই নেতৃবৃন্দের বাড়িতে হামলা করা হয়েছিল।”
এ বিষয়ে ওসি তাজুল বলেন, “জয়বাংলা শ্লোগান দেওয়া হয়েছিল কিনা জানা যায়নি। ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতারা লিখিত কোনো অভিযোগ করেননি।”
