২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নির্বাচনি দায়িত্ব পালনকারী ২০০০ নেতাকে শাল দিলেন খালিদ

"আপনাদের সঙ্গে আমি কাজ করেছি, এই শাল উপহার হিসেবে নেবেন," বলেন প্রতিমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2024, 07:08 PM

Updated : 27 Jan 2024, 07:19 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনে নৌকার পক্ষে দায়িত্ব পালন করা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দুই হাজার নেতাকে কাশ্মীরি শাল উপহার দিয়েছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

শনিবার বিকালে বিরল পাইলট স্কুল মাঠে এ উপহার দেন তিনি। এর আগে সকালে বোচাগঞ্জ উপজেলাতেও একই উপহার দেন। 

বিরলে নেতাদের উদ্দেশে খালিদ বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্চ) আসনে নির্বাচনকে উৎসবমুখর করতে নিরলসভাবে কাজ করেছেন নেতাকর্মীরা। বিশেষ করে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ের প্রত্যেক নেতা দিনরাত কাজ করেছেন।  

“নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলেও নির্বাচনটা উৎসবমুখর করেছেন আপনারা। আমি আপনাদের জন্য কিছুই করতে পারি নাই। এ নির্বাচনে শতকরা ৫৭ ভাগ পড়েছে, যেখানে বেশিরভাগ ভোটই নৌকা মার্কা পেয়েছে, এই নির্বাচন উৎসবমুখর করার সকল সফলতা আপনাদের। সবাইকে আমি অভিনন্দন জানাই।" 

নৌপ্রতিমন্ত্রী বলেন, “বিরল উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১ হাজার ৫৩ জন নেতা দায়িত্ব পালন করেছেন। আমি সবার জন্য একটি করে কাশ্মীরি শাল নিয়ে এসেছি। আপনাদের সঙ্গে আমি কাজ করেছি, এই শাল উপহার হিসেবে নেবেন। 

“একইভাবে বোচাগঞ্জ উপজেলাতেও আমি দিয়েছি। মোট ২ হাজার নেতাদের এই শাল দিচ্ছি। আমার পক্ষ থেকে ক্ষুদ্র উপহার আপনারা নিয়ে যাবেন।" 

উপহার পেয়ে আজিমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জ্যোতিন্দ্রনাথ বলেন, “নির্বাচনে বহুদিন ধরে কাজ করি, যেহেতু আমি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা, সেই কারণে নিজেই নির্বাচনে কাজ করি। নির্বাচনের সময় নির্বাচনি একটা খরচ পাই। 

“তবে নির্বাচনের পরে আমাদের নেতা খালিদ মাহমুদ চৌধুরী আজকে যে সন্মানটা দেখিয়েছেন, এটা আসলেই উনার ভালোবাসা। এমন ভাবে নির্বাচনের পরে আমাদের নিয়ে এসে মতবিনিময় করা এবং উপহার দেওয়া সত্যিই অবাক হওয়ার মত ঘটনা।" 

এ সময় বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সবুজার সিদ্দিকী সাগর, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রমাকান্ত রায় উপস্থিত ছিলেন।