বরগুনায় ধর্ষণে জন্ম নেওয়া শিশু ছোটমণি নিবাসে
প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সরকারকে তার ভরণ-পোষণের আদেশ দিয়েছে আদালত।
বরগুনায় ধর্ষণে জন্ম নেওয়া এক শিশুকে বরিশালের ছোটমণি নিবাসে গ্রহণ করা হয়েছে বলে সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন।
শনিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়ায় অবস্থিত বিভাগীয় ছোটমণি নিবাসে তাকে গ্রহণ করা হয়।
নিবাসের উপ-তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা।
সুশান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বরগুনা সদর উপজেলার ফুলচলুয়া গ্রামের এক কিশোরীর চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে, যার জন্ম হয়েছে ধর্ষণের ফলে। আদালতের আদেশে তাকে ছোটমণি নিবাসে গ্রহণ করা হয়েছে।
“ফুলচলুয়া এলাকার সানু ফকিরের ছেলে জহিরুল (১৯) ধর্ষণ করলে এক কিশোরী গর্ভবতী হয়। বরগুনার আদালত ২০২০ সালের ৯ জানুয়ারি জহিরুলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। পাশাপাশি জহিরুলের বাবার কাছ থেকে এক লাখ টাকা আদায় করে কিশোরীকে দেওয়ার আদেশ দিয়েছে আদালত।”
সুশান্ত বলেন, একই সঙ্গে ধর্ষণে জন্ম নেওয়া মেয়েশিশুটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সরকারকে তার ভরণ-পোষণের আদেশ দিয়েছে আদালত। আইনি প্রক্রিয়া শেষে বরিশাল বিভাগীয় ছোটমণি নিবাসে দুপুরে শিশুটিকে গ্রহণ করা হয়।
ছোটমণি নিবাসে সাত বছর বয়স পর্যন্ত শিশুদের প্রতিপালন করা হয় জানিয়ে সুশান্ত বলেন, বর্তমানে এখানে ১৫টি শিশু রয়েছে। অভিভাবক না পাওয়া গেলে সাত বছরের পর তাদের শিশু-কিশোর আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে।
