চালের দাম বৃদ্ধি: নেত্রকোণায় নির্বাচনের আগের দামে ফেরার সিদ্ধান্ত
মিলগেটে কেজিতে এক টাকা বাড়লে খুচরা বিক্রেতারা তা চার থেকে পাঁচ টাকা বাড়িয়ে দেন বলে দাবি চালকল মালিক সমিতির।
গেল দুই সপ্তাহের ব্যবধানে খুচরা ও পাইকারিতে চালে দাম বেড়েছে কেজিতে চার থেকে পাঁচ টাকা। এর প্রভাব পড়েছে নেত্রকোণা জেলাতেও; যা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন।
এ অবস্থায় জেলা প্রশাসন, চালকল মালিক, পাইকারি ও খুচরা বিক্রেতাসহ ভোক্তাদের যৌথ সভায় চালের দাম নির্বাচনের আগের দামে ফেরার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলা এ সভায় চালের দাম সহনীয় রাখতে সব পক্ষ একমত হয়েছেন বলে অটোরাইস মিল অ্যান্ড হাসকিং চালকল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এইচ আর খান পাঠান সাকি জানিয়েছেন।
তিনি জানান, গত এক সপ্তাহ ধরে চালের দাম যতটুকু বেড়েছে; তা এখন থেকে সংসদ নির্বাচনের আগের দামে নামিয়ে সহনীয় পর্যায়ে আনার সিদ্ধান্ত হয়েছে।
সভায় অংশ নেওয়া চালকল মালিক অমিত সাহা বলেন, “কিছুদিন ধরে নেত্রকোণায় বিশেষ করে মোটা চালের দাম কিছুটা বেড়েছে। মিলগেটে কেজিতে এক টাকা বাড়লেও খুচরা বিক্রেতারা তা চার থেকে পাঁচ টাকা বাড়িয়েছেন। এতে চালের দামে হেরফের হয়েছে।”
নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ বলেন, “দাম নিয়ন্ত্রণে নির্বাহী হাকিমরা বাজার গেলে খুচরায় চড়া দামে চাল বিক্রির বিষয়টি নজরে আসে। খুচরা বিক্রেতাদের সতর্ক করা ছাড়াও জরিমানা করা হয়েছে।
“ব্যবসায়ীদের জরিমানা করা প্রশাসনের উদ্দেশ্য নয়। বাজার নিয়ন্ত্রণ করাই লক্ষ্য। আপনারাও দোকানে মূল্য তালিকা প্রদর্শন করবেন।”
জেলা প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ আর খান পাঠান সাকিসহ অন্যরা বক্তব্য দেন।
