২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঝালকাঠিতে পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ

সংবাদ সম্মেলনে ছেলের সুচিকিৎসা ও মুক্তির দাবি জানান ওই নেতার বাবা।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 06:48 PM

Updated : 13 Aug 2023, 06:57 PM

ঝালকাঠি জেলা ছাত্রলীগের এক সহ-সভাপতিকে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগ তুলেছে পরিবার।  

রোববার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা রুহুল আমিনের বাবা ফল ব্যবসায়ী আব্দুল খালেক হাওলাদার এ অভিযোগ করেন।

তুচ্ছ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে পুলিশ মামলা দিয়ে গ্রেপ্তারের পর ছেলেকে নির্যাতন করে কারাগারে পাঠায় বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।

ছেলের সুচিকিৎসা ও মুক্তির দাবি করেন বাবা আব্দুল খালেক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ অগাস্ট জেলা পরিষদের সামনে একটি হোটেলে নাস্তা খাচ্ছিল তার ছেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমিন। এ সময় হোটেল মালিককে তিন ব্যক্তি গালাগাল করছিলেন। গালাগাল করতে নিষেধ করায় ওই তিন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রুহুল আমিনকে মারধর করেন। এ সময় রুহুল আত্মরক্ষা করতে গেলে পুলিশ সদস্য আলাউদ্দিন আহত হন।

এ ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিনকে আটক করে তার বিরুদ্ধে পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মামলা করা হয়।

পুলিশ সদস্য আকরাম হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলাটি করেন।

মামলায় রুহুল আমিনকে গ্রেপ্তার করে দেখিয়ে দ্বিতীয় দফায় নির্যাতন করা হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বাবা। 

এ সময় রুহুল আমিনের মা শেফালী বেগম এবং বোন রেখা আক্তার ও রিতু আক্তার উপস্থিত ছিলেন।

তবে অভিযোগ সত্য নয় দাবি করে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার সাংবাদিকদের বলেন, “থানায় কোনো মারধর করা হয়নি।”