Published : 18 Dec 2022, 08:00 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘরে ঘুমন্ত অবস্থায় মা ও শিশুকন্যা দগ্ধ হয়েছে।
শনিবার গভীর রাত ২টার দিকে পুলিশ লাইনস্ টাগারপার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন।
দগ্ধরা হলেন- সিরাজগঞ্জ জেলার শাহ্জাহদপুর উপজেলার কৈজুরী গ্রামের মনির হোসেনের স্ত্রী নারগিস আক্তার (২৮) এবং তার চার বছরের শিশুকন্যা মরিয়ম। মনির পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক।
রোববার মনির হোসেনের সহকর্মী সুলতান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা একই গ্রামের বাসিন্দা। শনিবার রাতে এলাকায় অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে নিমকি বিক্রি করছিলাম। ওই সময় মনিরও আমাদের সঙ্গে ছিল। বাড়িতে তার স্ত্রী আর মেয়ে ঘুমিয়ে ছিল। রাত দুইটার দিকে আগুনের খবর পাই। পরে মা ও মেয়েকে পোড়া অবস্থায় নারায়ণগঞ্জ শহরের বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে রাতেই সিএনজিতে করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।”
“টাগারপাড় এলাকায় সারাদিন গ্যাস থাকে না। রাত ১২টা-১টায় গ্যাস আসে। মনিরগো ঘরের পাশেই গ্যাসের লাইন আছে। ওইখান থেইকাই মনে হয় গ্যাস ঘরে ঢুইকা ছিল। ঘুমন্ত অবস্থায়ই দুইজন পুইড়া গেছে। ঘরের লেপ-তোষকও পুড়ে গেছে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর ৪টার দিকে আগুনে দগ্ধ অবস্থায় মা ও মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মায়ের শরীর ৭০ শতাংশ এবং মেয়ের ৫৫ শতাংশ দগ্ধ রয়েছে। তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।”
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও বলেন, “অগ্নিদগ্ধের বিষয়ে আমাদের কেউ জানায়নি। তবে ঢাকা মেডিকেল কলেজ থেকে আমরা মেসেজ পেয়েছি। কীভাবে আগুন লেগেছে তা জানতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হবে। তবে কেউ কোনো অভিযোগ করেনি।”