২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বিএনপি লাশ ফেলে আন্দোলন জমাতে চায়: ওবায়দুল কাদের

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সেতুমন্ত্রী।

বিএনপি লাশ ফেলে আন্দোলন জমাতে চায়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 10:30 PM

Updated : 24 Sep 2022, 10:30 PM

বিএনপি লাশ ফেলে আন্দোলন জমাতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক ও সেতুমন্ত্রী বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এখন বার বার একটা কথা বলেন যে, সরকারের নাকি বিদায় সাইরেন বাজছে। কিন্তু বিগত ১৪ বছর ধরে এ সাইরেন শুধু ফখরুলের কানেই বাজে; জনগণের কানে নয়। ইনশআল্লাহ এ সাইরেন বাজবে না। সঠিকপথে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে এবং চলবে।”

শনিবার দুপুরে গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী আরও বলেন, “দেশের বাজারে পণ্য ও জ্বালানি সংকট আছে। তবে এ সংকট সৃষ্টি করেছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ এবং বড় বড় দেশগুলো। তার মূল্য দিতে হচ্ছে আমাদের। আপনারা শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। এ সংকট সামাল দিয়ে স্বস্তির বাংলাদেশে তিনি নিয়ে যাবেন।”

জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল-আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রাথী মাহমুদ হাসান রিপন। স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।

এর আগে সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

সম্মেলন শেষে আবু বকর সিদ্দিককে সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।

২০১৬ সালের ১২ মার্চ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে গাইবান্ধা জেলার ৩৮৪ জন কাউন্সিলর অংশ নেন।