Published : 22 Oct 2023, 07:48 PM
নরসিংদীতে স্পিড বোট ঘাটের ইজারা ও দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত হয়েছে; আহত হয়েছেন তিন জন। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে শহরের কাউরিয়াপাড়া মহল্লার বাউলপাড়া নতুন লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে নরসিংদী সদর মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া জানান।
১৬ বছর বয়সি নিহত মো. সাজিদ কাউরিয়াপাড়া এলাকার আমির হোসেনের ছেলে।
গুরুতর আহতরা হলেন: ওই এলাকার মো. আমির হোসেন, মো. ওবায়দুল এবং মো. তালহা। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকার লোকজন জানান, স্থানীয় মতিন ও আলমাছ পক্ষের লোকজনের মধ্যে লঞ্চঘাটের স্পিড বোট ঘাটের দখল নিয়ে দ্বন্দ্ব আছে। এর জেরে দুপুর ১টার দিকে বাউলপাড়া নতুন লঞ্চঘাট এলাকায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে চার জন আহত হন। তাদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সাজিদ নামে এক কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সাজিদ আলমাছ পক্ষের ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]