১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরব: মোয়াজ্জেম হোসেন আলাল

“আমি বলতে চাই যত হামলা মামলা হোক আমরা এই ভোট চোর সরকারের পদত্যাগের আগে ঘরে ফিরব না।”

সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরব: মোয়াজ্জেম হোসেন আলাল

কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচির শুরুতে বক্তব্য দেন মোয়াজ্জেম হোসেন আলাল।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2023, 09:45 PM

Updated : 18 Jul 2023, 09:45 PM

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। 

তিনি বলেন, “এক দফা দাবি নিয়ে সারাদেশে মানুষ আজ ঐক্যবদ্ধ। শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরব। এ সরকার যত হামলা আর মামলাই করুক; বিএনপিকে এবার থামানো যাবে না।” 

মঙ্গলবার বিকালে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। 

আলাল বলেন, “আওয়ামী লীগ শুধু উন্নয়নের কথা বলে। তাদের উন্নয়ন গরুর গাড়ির হেডলাইটের মতো। গরুর গাড়ি হেডলাইট দিয়ে যেমন রাতে চলতে পারে না; এই সরকারের উন্নয়ন দিয়েও তেমনি রাতে চলা যায় না।” 

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “এই সরকার সব খাতে লুটপাট করছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করা হচ্ছে, মামলা দিচ্ছে। আমি বলতে চাই যত হামলা মামলা হোক আমরা এই ভোট চোর সরকারের পদত্যাগের আগে ঘরে ফিরব না।” 

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া,

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিনসহ অন্যরা।