কুড়িগ্রামে ৩০০ ইয়াবাসহ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩০০টি ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে; যাকে মাদক কারবারি বলছে পুলিশ।
মঙ্গলবার সকালে কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন জানান, এর আগে যাত্রাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইমন আলী নামের ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন তারা।
৩৫ বছর বয়সী ইমন কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের পাখিউড়া এলাকার বাসিন্দা।
ওসি কামাল হোসেন বলেন, “গোপন খবরে অভিযান চালিয়ে ৩০০টি ইয়াবাসহ ইমন আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”
মঙ্গলবার দুপুরে আসামিকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”
