ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ
স্বামীর অভিযোগ, হাসপাতালে রোগীর মৃত্যু হলেও তারা বুঝতে দেয়নি।
ভোলায় ভুল চিকিৎসা ও অবহেলায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
রোববার রাতে শহরের ডায়াবেটিস হাসপাতালে এ ঘটনা ঘটে বলে ওই প্রসূতির স্বজনদের অভিযোগ।
নিহত আছিয়া বিবি (৩৫) ভোলা সদর উপজেলা শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আব্দুল রহমানের স্ত্রী। আব্দুল রহমান পেশায় জেলে।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আছিয়ার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি।
নিহতের স্বজনরা জানান, রোববার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে আছিয়া শহরের ডায়বেটিস হাসপাতালে গাইনি চিকিৎসক আফরোজা বেগমকে দেখাতে যান। তখন আফরোজা বেগম প্রসূতিকে অস্ত্রোপচারের পরামর্শ দেন। অস্ত্রোপচারে একটি ছেলে সন্তানের জন্ম হয়।
স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচারের পর আছিয়া বিবি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু রোগীকে হাসপাতাল থেকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি।
সোমবার সকালে মুমূর্ষু অবস্থায় রোগীকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আছিয়ার স্বামী আব্দুল রহমানের অভিযোগ, হাসপাতালেই রোগীর মৃত্যু হলেও তারা আমাদের বুঝতে না দিয়ে বরিশালে নিয়ে যেতে বলে।
জিন্নাহ নামের এক স্বজন বলেন, প্রসূতিকে সরকারি হাসপাতালে সিজার করানোর অনুরোধ করলেও তারা ডায়াবেটিস হাসপাতালে সিজার করায়।
ডায়াবেটিস হাসপাতালের ওটি ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, “সিজারের পর সোমবার সকালে রোগী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জরুরি অক্সিজেন এবং আইসিইউতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ অস্বীকার করেন গাইনি চিকিৎসক আফরোজা বেগম।
তিনি বলেন, “রোগী কিছুটা বয়স্ক ছিলেন। বয়স্ক মানুষের হার্ট অ্যাটাকে ঝুঁকি থাকে। সে কারণে তার মৃত্যু হতে পারে।”
