২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হত্যা করে’ হাসপাতালে রেখে পলায়ন

কয়েকজন যুবক এই তরুণকে চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে ধরে নিয়ে একটি অটোরিকশায় তুলে ছুরিকাঘাত করে বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছে।

‘হত্যা করে’ হাসপাতালে রেখে পলায়ন

যশোর জেনারেল হাসপাতাল।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 12:51 AM

Updated : 05 Sep 2022, 12:51 AM

যশোরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় এক তরুণকে ছুরিকাঘাতের পর কয়েকজন যুবক হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রোববার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাত পরিচয় ওই তরুণকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয় বলে সেখানে কর্মরত তারক চন্দ্র নাথ জানান।

আনুমানিক ২০ বছর বয়সী ওই যুবককে নিয়ে আসা তিনজনের একজন নিজেকে উপশহর এলাকার ইকরামুল ইসলামের ছেলে ইমরান বলে পরিচয় দেন।

পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্তর নামে এক জনকে আটক করেছে বলে জানান যশোর কোতোয়ালি থানার পরিদর্শক তাজুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তাজুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৪টার দিকে কয়েকজন যুবক অজ্ঞাত পরিচয় ওই যুবককে চাঁচড়া চেকপোস্ট এলাকার নিউ ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ধরে একটি ইজিবাইকের ভেতরে নেয়। সেখানে হামলাকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এ সময় তাদের একজন যুবককে ছুরিকাঘাত করে। এরপর তারাই আবার ওই যুবককে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তড়িঘড়ি করে তাকে হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে যায় তারা।

জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস বলেন, যুবককে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

পরিদর্শক তাজুল ইসলাম আরও বলেন, “অর্থসংক্রান্ত বিষয় নিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে; ইমরান নামে এক দুর্বৃত্তের সঙ্গে তার লেনদেন ছিল এমন কথা শোনা যাচ্ছে।”

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদর উপজেলার বিরামপুর এলাকার অন্তর নামে একজনকে আটক করা হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।