Published : 27 Dec 2023, 08:43 PM
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় জানান।
নিহতরা হলেন- গ্রামের বাকপ্রতিবন্ধী শফিকুল ইসলাম (৪০) এবং তার শিশুকন্যা হৃদিমনি (৭)। হৃদিমনি ধারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকালে বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরে পানি ছাড়ছিলেন শফিকুল। এ সময় মেয়ে হৃদিমনি এসে সেই মোটর স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে শফিকুলও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবার ও স্থানীয়রা দুজনকে গুরুতর অবস্থায় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি সুমন চন্দ্র রায় বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।