গোপালগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের
পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা জানান, অবৈধ সংযোগ দিয়ে ফাঁদ তৈরিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান চালানো হবে।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে উপজেলার ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ওমর শরীফ জানান।
নিহত নিহার সিকদার (৪৫) ওই গ্রামের গুরুদাস সিকদারের ছেলে।
নিহারের ভাই নৃপেন সিকদার (৪০) বলেন, “গ্রামের এক কৃষক তার বীজতলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতেন। সকালে নিহার বীজতলার পাশ দিয়ে বিলে মাছ ধরতে যাচ্ছিলেন। এ সময় সে ওই ফাঁদের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।”
নৃপেন আরও বলেন, “অবৈধভাবে বিদ্যুতের লাইন নিয়ে বিলে ইঁদুর মারার ফাঁদ পাতা হয়েছিল। ওই ফাঁদে স্পৃষ্ট হয়ে আমার ভাই মারা গেছেন। আমি মনে করি, এটি এক ধরনের হত্যাকাণ্ড। আমি ভাই হত্যার বিচার চাই।”
ভাঙ্গারহাট নৌ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওমর শরীফ বলেন, ঘটনাস্থল থেকে নিহার সিকদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
“নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
কোটালীপাড়া পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, অবৈধ সংযোগ দিয়ে যারা এভাবে ইঁদুর মারার ফাঁদ তৈরি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিগগিরই মাঠ পর্যায়ে অভিযান চালানো হবে।
