ব্রহ্মপুত্রের তীরে বাউল গানে মুখরিত জয়নুল উদ্যান
প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ময়মনসিংহে জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে বসে এই গানের আসর।
অপসংস্কৃতির প্রভাব পেরিয়ে নতুন প্রজন্মের কাছে দেশীয় লোকজ ঐতিহ্য ও শেকড়ের সংস্কৃতি পৌঁছে দিতে ময়মনসিংহে নিয়মিত আয়োজন করা হচ্ছে বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’।
এতে বাউল সাধকদের সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার দর্শনে লোকজ সুরে মুখর হয়ে ব্রহ্মপুত্র নদের তীর।
প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে বসে এই গানের আসর। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠিত হয় ‘ভাব তরঙ্গ’-এর জালাল চিশতী পর্ব।
এ আয়োজনে প্রতিধ্বনিত হয় বাউল সাধক জালাল শাহ্ চিশতীর রচিত বিভিন্ন ধারার কালজয়ী গান।
‘দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনে আমরা অঙ্গীকারাবদ্ধ’—এই মূলমন্ত্রে উজ্জীবিত স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’ আয়োজন করছে ব্যতিক্রমী এ বাউল গানের আসর।
সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, মাটির কাছাকাছি থেকে বাউল সাধকদের সহজ-সরল জীবনদর্শন ও মানবিক বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন।
তিনি বলেন, গত ১০ জুলাই লালনগীতি পরিবেশনের মধ্য দিয়ে ‘ভাব তরঙ্গ’-এর যাত্রা শুরু হয়। প্রতিটি পর্বে একজন নির্দিষ্ট বাউল সাধকের জীবনদর্শন, চিন্তাভাবনা ও তত্ত্বভিত্তিক গান পরিবেশন করা হয়। তারই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয়েছে পাগল জালাল শাহ্ চিশতীকে নিয়ে বিশেষ পর্ব।
এ পর্বে পাগল জালাল শাহ্ চিশতীর ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে রচিত ‘আরে ও ব্রহ্মপুত্রের পানি’ গান দিয়ে শুরু হয় শিল্পীদের পরিবেশনা।
এরপর একে একে পরিবেশিত হয় ‘ধোকাবাজি ধান্ধাবাজি’, ‘হায় খাজা গরীবে নেওয়াজ’, ‘ষট চক্র পঞ্চ আত্মা’ ও ‘বন্ধুয়ার পিরীতে’সহ তাঁর রচিত বিভিন্ন তত্ত্ব ও দর্শনভিত্তিক গান।
গানগুলো পরিবেশন করেন বাউল সাধক জালাল শাহ্ চিশতী, বাউল মো. হাফিজ উদ্দিন, বাউল স্বদেশ তালুকদার, বাউল জাহিদ শাহ, সোহাগ সরকার, মো. ছাত্তার পাগলা, মো. সুজন পাগলা, দয়াল রবি ও মো. রাজু আহমেদসহ অন্য শিল্পীরা।
ইমতিয়াজ বলেন, এরই মধ্যে সচেতন সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে ‘ভাব তরঙ্গ’ ব্যাপক সাড়া ফেলেছে। বাউল সাধকদের সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার বাণী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
তিনি জানান, আয়োজনটির অন্যতম বিশেষত্ব হলো, এখানে নেই আধুনিক যন্ত্রপাতির চাকচিক্য কিংবা কৃত্রিম আভিজাত্য। গ্রামীণ ও ঐতিহ্যবাহী আবহ ধরে রাখতে শিল্পীরা ব্রহ্মপুত্রের তীরে মাটিতে বসেই গান পরিবেশন করেন।
দোতারা, একতারা ও বেহালার সুরের সঙ্গে শিল্পীদের খালি গলায় গাওয়া গানে তৈরি হয় এক সহজিয়া পরিবেশ। আগত দর্শক-শ্রোতারাও মুগ্ধ হয়ে উপভোগ করেন এসব লোকজ পরিবেশনা।
আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত এ আয়োজনের মাধ্যমে ময়মনসিংহে দেশীয় সংস্কৃতিচর্চার নতুন একটি ধারার বিকাশ ঘটবে।
