জেলা পরিষদ নির্বাচন: রাজশাহীতে পোস্টার টানাতে গিয়ে তুলকালাম
তবে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আখতারের ভাষ্য, গ্রাম পুলিশের সঙ্গে কথা কাটাকাটির জেরে তার কর্মীদের ওপর হামলা চালানো হয়।
রাজশাহীতে পোস্টার সাঁটাতে গিয়ে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ তুলে জেলা পরিষদ নির্বাচনে এক স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীদের পিটুনি দিয়েছে এলাকাবাসী। এ সময় পালাতে গিয়ে মাইক্রোবাস চাপায় আহত হয়েছেন একজন।
বুধবার রাত পৌনে ১১টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানিয়েছেন।
খবর পেয়ে রাতেই পুলিশ সাতজনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে স্বতন্ত্র প্রার্থীর আইনজীবীর জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
এরা হলেন বাগমারা উপজেলার বড়বিহানালী গ্রামের আব্দুল মালেক নয়ন (৩৫), রাজশাহী নগরীর হড়গ্রামের আবু সুফিয়ান সম্রাট (৩০), আশিকুল ইসলাম নিটু (৪৫), অ্যাডভোকেট গোলাম আযম ফারুক (৫৩), উজ্জ্বল হোসেন (৩০), রাফি (৩৫) ও নগরীর লক্ষ্মীপুর এলাকার মোহাম্মাদ আলী (৫৩)। তারা সবাই স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামানের কর্মী।
ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, বুধবার রাতে তিনটি মাইক্রোবাস নিয়ে আখতারুজ্জামান আকতারের মোটরসাইকেল প্রতীকের পোস্টার সাঁটাতে আসেন আবু রায়হান ও তার কয়েকজন সহযোগী।
“এ সময় তারা স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন ও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে ‘গালিগালাজ করতে’ থাকেন। এর কারণ জানতে চাইলে তারা গ্রাম পুলিশের সদস্য (চৌকিদার) আসাদুল ইসলামকে মারধর করেন।
“এ ঘটনা জানতে পেরে গ্রামবাসী তাদের ঘিরে রেখে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।”
চেয়ারম্যান আরও বলেন, গ্রামবাসীর রোষানলে পড়ে পালাতে গিয়ে এক আওয়ামী লীগ কর্মীকে তাদের মাইক্রোবাস চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, জেলা পরিষদ নির্বাচনের পোস্টার টানাতে এসে ইউনিয়ন পরিষদের চৌকিদারকে মারধরের ঘটনা ঘটে। এ সময় পালাতে গিয়ে মাক্রোবাসের ধাক্কায় একজন আহত হন।
“খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রামবাসীর রোষানল থেকে সাতজনকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।”
স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আখতার বলেন, “আমার নির্বাচনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আবু রায়হান মাসুদসহ বেশ কিছু কর্মী দুইটি গাড়ি নিয়ে পোস্টার টানানোর জন্য ইউনিয়ন পরিষদে যান। সেখানে পোস্টার টানাতে গ্রাম পুলিশ বাধা দিলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়।
তিনি অভিযোগ করেন, “কিছুক্ষণ পর সেখানে আসেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন। পরে তার নেতৃত্বে আমার কর্মীদের উপর অতর্কিত হামলা হয়। এ সময় তারা আমাদের দুইটি গাড়ি ভাঙচুর করে।”
স্বতন্ত্র প্রার্থী এই প্রার্থী আরও অভিযোগ করেন, “এর কিছুক্ষণ পরপরই সেখানে স্থানীয় এমপি উপস্থিত হয়ে আমার কর্মীদের ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষে আটকে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।”
