রংপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু, চিকিৎসাধীন সাতজন
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে একজনের বাড়ি নগরীতে, বাকিরা বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা।
রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী।
মৃত ব্যক্তির নাম বুলেট লাল (৩৭)। তিনি রংপুর মহানগরীর পুরাতন সদর হাসপাতাল সুইপার কলোনির মানু লালের ছেলে।
এ ছাড়া হাসপাতালটিতে আরও সাত ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
ডা. ইউনুস আলী জানান, সোমবার সকালে জ্বর নিয়ে ঢাকা থেকে রংপুরে নিজের বাড়িতে যান বুলেট। সেখানে অসুস্থ হয়ে পড়লে দুপুরেই তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন জানিয়ে এই চিকিৎসক বলেন, “এদের একজনের বাড়ি রংপুর নগরীর দর্শনা এলাকায়। বাকিরা রংপুর বিভাগের বিভিন্ন জেলার বাসিন্দা। এরা সবাই ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর ডেঙ্গু রোগে আক্রান্ত হন।”
