০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৯

চুয়াডাঙ্গার দর্শনায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করলে একদল লোক পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।

পুলিশের ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৯

আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Oct 2026, 06:59 PM

Updated : 01 Oct 2026, 06:59 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দর্শনা থানার এসআই মোল্লা আরিফুল ইসলাম।

বুধবার রাতে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তারসহ মোট নয়জনকে গ্রেপ্তারের তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- চণ্ডিপুর গ্রামের তরিবত মণ্ডলের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সিদ্দিক (৭০), একই গ্রামের রবি হালদারের ছেলে লক্ষণ (৩৮), সেলিম উদ্দিনের ছেলে ফিরোজ হোসেন (১৯), হারুন অর রশিদের ছেলে ফরহাদ হোসেন (১৯), সঞ্জিত হালদারের স্ত্রী সোনালি হালদার (৩০), সঞ্জয় হালদারের স্ত্রী কনা রানী ২৫), মো. খোকনের স্ত্রী নাসিমা বেগম (৪০), সদর মণ্ডলের ছেলে আলম বাদশা (৫৫) এবং হরেন হালদারের ছেলে ফুলন হালদার (৩২)।

এসআই আরিফুল ইসলাম বলেন, বুধবার রাত আড়াইটার দিকে চণ্ডিপুর গ্রামের একটি পূজামণ্ডপের সামনে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক অবস্থানের খবর পায় পুলিশ। রাতেই অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিককে আটক করে পুলিশ।

এ সময় কয়েকজন নারী-পুরুষ পুলিশের ওপর হামলা করে আবু সিদ্দিককে ছিনিয়ে নেয়। আবু সিদ্দিক হ্যান্ডকাফসহ পালিয়ে যান। রাতেই গ্রামের আটজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

তিনি বলেন, পরে তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দর্শনা থানায় মামলা করা হয়। মামলায় আবু সিদ্দিককেও আসামি করা হয়। ঘটনার পর থেকে আবু সিদ্দিককে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রাখে পুলিশ।

এদিন দুপুরে গোপন খবর পেয়ে চুয়াডাঙ্গার বাসস্ট্যান্ড এলাকা থেকে আবু সিদ্দিককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এসআই আরিফুল ইসলাম।