Published : 21 Jun 2023, 05:39 PM
বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সংযোগ বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।
বুধবার সকালে সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন সমিতির ডিজিএম গোবিন্দ চন্দ্র সাহা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাকেরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের কাছে ৭৫ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। টাকা পরিশোধ না করায় সকালে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।”
তবে সাব-রেজিস্টা মো. হারুন আল ইসা জানান, সমস্যার সমাধান হয়েছে।
সমাধানের বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুতের ডিজিএম বলেন, “তারা বাজেট নেই জানিয়ে চিঠি দিয়েছে। বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে। অফিসটিতে আবার বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
এদিকে বিদ্যুৎ সংযোগ না থাকায় সকাল থেকে কাজকর্ম বন্ধ রাখতে হয়েছে বলে জানান সাব-রেজিস্ট্রার অফিসের মোহরার মো. জসিমউদ্দিন। তিনি বলেন, “বিদ্যুৎ না থাকলে কম্পিউটারে কীভাবে কাজ করব?
সংযোগ বিচ্ছিন্নের আগে নোটিস তো দেওয়া উচিত ছিল।”