১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কারারক্ষী গাঁজা নিয়ে ঢুকছিলেন কারাগারে, ব্যারাকে তল্লাশিতে মিলল আরও

কারারক্ষীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানান কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2023, 07:06 PM

Updated : 12 Dec 2023, 07:06 PM

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

কোনাবাড়ী থানার এসআই আবুল কাশেম বলেন, সোমবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সোহেল রানার (২৭) বাড়ি কালিয়াকৈর উপজেলার বড় গোবিন্দপুর এলাকায়। তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত।

এসআই আবুল কাশেম বলেন, “তিন-চার পোটুলি গাঁজা নিয়ে কারারক্ষী সোহেল রানা কারাগারে ঢুকছিলেন। এ সময় কর্তব্যরত রক্ষীরা তাকে আটক করে।

পরে তার কাছ থেকে চার পোটুলি গাঁজা জব্দ করে। একপর্যায়ে সোহেলের ব্যারাকে তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত একটি ট্রাঙ্কের ভেতর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পরে কারা কর্তৃপক্ষ থানায় খবর দেয়। খবর পেয়ে রাত ১১টার দিকে কারাগার থেকে সোহেল রানাকে গাঁজাসহ গ্রেপ্তার করে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, “গাঁজাসহ আটক সোহেল রানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারাবিধি আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

কোনাবাড়ী থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, সংশ্লিষ্ট আইনে তার নামে মামলা করে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।