২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জনের মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2022, 04:20 PM

Updated : 30 Jul 2022, 04:20 PM

চুয়াডাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন দুজন। আহত হয়েছেন আরও দুজন।

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর এলাকায় শনিবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহব্বুর রহমান জানান।

মৃতরা হলেন- সদর উপজেলার ফার্মপাড়ার সিরাজুল ইসলামের ছেলে টুলু হোসেন আনন্দ (২৬) ও নূরনগর কলোনিপাড়ার কিতাব আলীর ছেলে মিঠু আলী (২৪)।

এ দুর্ঘটনায় আহতরা হলেন-সিরাজগঞ্জ জেলার মুক্তা হালদার (২৮) ও রাজশাহির রনি আহম্মেদ (৩৫)। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, “মুক্তা ও রনি একটি মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

“এ সময় দুটি মোটরসাইকেলের তিনজন রাস্তার ওপর এবং একজন পাশের খাদে গিয়ে ছিটকে পড়ে।”

পরে তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।