২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

পড়াশোনার পাশাপাশি শান্ত ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ করতেন বলে জানিয়েছে পরিবার।

বগুড়ায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

নিহত আজহারুল ইসলাম শান্ত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2024, 08:32 PM

Updated : 02 Mar 2024, 08:32 PM

বগুড়া সদর উপজেলায় ছুরিকাঘাতে এক কলেজ ছাত্রকে খুন করেছে দুর্বৃত্তরা।

শনিবার বিকাল ৫টায় শহরের চকফরিদ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান জানান।

নিহত আজহারুল ইসলাম শান্ত (২২) সারিয়াকান্দি উপজেলার কুপতলা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি শহরের ফুলদীঘি পূর্বপাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং সুখানপুকুর সৈয়দ আহম্মেদ কলেজের স্নাতকের (পাশ) ছাত্র ছিলেন।

শান্তর বাবা আবুল হোসেন জানান, তার ছেলে পড়ালেখার পাশাপাশি ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ করত। শনিবার বিকালে শান্ত বাসা থেকে বের হয়ে চক ফরিদ কলোনি এলাকায় যান।

সেখানে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে খুনের কোনো কারণ জানা যায়নি। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।