২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে দগ্ধ র‌্যাব সদস্যের মৃত্যু

কীভাবে তারা দগ্ধ হলেন বা আগুনের সূত্রপাত কীভাবে হল; সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি পুলিশ কর্মকর্তারা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 06:18 PM

Updated : 15 Dec 2023, 06:18 PM

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে এক ভবনের ফ্ল্যাটে দগ্ধ দুজনের মধ্যে র‌্যাব সদস্য অভিজিৎ সিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয় বলে ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান।

২৮ বছর বয়সী অভিজিৎ সিং র‌্যাব-১১ এর সদস্য ছিলেন। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান চিকিৎসক।

তার সঙ্গে আহত টুম্পা রানী দাস (৪০) আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে শহরের নিতাইগঞ্জের ভবানীগঞ্জ এলাকায় একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে ওই দুইজন দগ্ধ হন বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান।

তবে কীভাবে তারা দগ্ধ হলেন বা আগুনের সূত্রপাত কীভাবে হল; সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি এ পুলিশ কর্মকর্তারা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির মাহমুদ পাশা বলেন, “ওই র‌্যাব সদস্য ছুটিতে ছিলেন। দগ্ধ হওয়ার খবর পেয়েছি। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]