১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দল ‘নীতিতে অটল’ না থাকার অভিযোগে গণঅধিকার পরিষদ নেতার পদত্যাগ

ঝালকাঠি জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাগর একই সঙ্গে পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

দল ‘নীতিতে অটল’ না থাকার অভিযোগে গণঅধিকার পরিষদ নেতার পদত্যাগ

মাহমুদুল হাসান সাগর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 01:33 PM

Updated : 17 Sep 2026, 01:33 PM

গণঅধিকার পরিষদের বিরুদ্ধে নীতি ও আদর্শ থেকে সরে যাওয়ার অভিযোগ তুলে দলটির সব পদ থেকে পদত্যাগ করেছেন ঝালকাঠির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাগর।

বুধবার রাতে নিজের ফেইসবুকে এক পোস্টে তিনি পদত্যাগের এ ঘোষণা দেন।

সাগর একইসঙ্গে পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাধারণ সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

নিজের ফেইসবুকে সাগর লেখেন, “আমি স্বেচ্ছায় এবং সজ্ঞানে গণঅধিকার পরিষদের সমস্ত পদ থেকে পদত্যাগ করছি। অনেক বেশি হতাশা নিয়ে দলটা ছাড়ছি। এই কথাগুলো লিখতে অনেক বেশি কষ্ট হয়েছে। তিল তিল করে এই ঝালকাঠিতে এই দলটাকে দাঁড় করিয়েছি।”

তিনি আরও লেখেন, “যখন এই দলটা ছাড়ছি পুরো আকাশটা যেন আমার মাথার উপরে ভেঙে পড়েছে। কিন্তু আমি নীতি বিসর্জন দিয়ে রাজনীতি করি না। আমার কাছে রাজনীতি মানে জনগণের সেবা, এর ব্যতিক্রম কিছু নয়।”

পদত্যাগের কারণ জানতে চাইলে মাহমুদুল হাসান সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দল নীতির সঙ্গে অটল না থাকার কারণেই তিনি পদত্যাগ করেছেন। নীতির প্রশ্নে আপস করে তিনি রাজনীতি করতে চান না।

কোনো নির্দিষ্ট নীতি বা ঘটনা নিয়ে তার অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি দলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এই বিষয়ে গণঅধিকার পরিষদের নেতা ও পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকোশলী জিল্লুর রহমান সুমন বলেন, “মাহমুদুল হাসান সাগরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে দলের সব পদ থেকে অব্যহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”