Published : 30 Nov 2023, 04:24 PM
নির্বাচনের আচরণবিধি না মেনে প্রচার শুরুর নির্দিষ্ট তারিখের আগেই সশস্ত্র কর্মীসহ মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবার মনোনয়ন পেয়েছেন। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির সভাপতি জেলার জ্যেষ্ঠ সহকারী জজ শেখ আনিসুজ্জামান এ নোটিশ দেন বলে আদালতের পেশকার ইবনে সাউদ জানান।
শুক্রবার বেলা ১১টায় গোলাম দস্তগীর বা তার প্রতিনিধিকে জজের কক্ষে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলেও জানান পেশকার৷
দস্তগীরকে পাঠানো নির্বাচনি অনুসন্ধান কমিটির চিঠিতে বলা হয়, ২৯ নভেম্বর দুপুরে আওয়ামী লীগের মনোনীত এমপি প্রার্থী গোলাম দস্তগীর গাজী সশস্ত্র কর্মীসহ মিছিল নিয়ে রূপগঞ্জ উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন৷ যা নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ৬(ঘ), ৮(ক) ও (খ), ১১(ঘ) এবং ১২ এর গুরুতর লঙ্ঘন।
বুধবার দুপুরে কয়েকশ নেতাকর্মীর মিছিল নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এ সময় তার কর্মী-সমর্থকদের মিছিলে এক ব্যক্তিকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম দস্তগীর গাজীর সমর্থনে মুড়াপাড়া এলাকা থেকে উপজেলা পরিষদ ভবনের দিকে কয়েকশ নেতাকর্মীর মিছিল বের হয়। মিছিলের একটি অংশের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি। ওই মিছিলের অগ্রভাগে এক ব্যক্তিকে কাঁধে শটগান ঝুলিয়ে ঘুরতে দেখা গেছে।
নারায়ণগঞ্জে মন্ত্রীর মিছিলে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন
খোঁজ নিয়ে জানা যায়, অস্ত্রধারী ওই ব্যক্তি গোলাম রসুল কলির ব্যক্তিগত দেহরক্ষী। কলিও বিষয়টি স্বীকার করেছেন।
কলি বলেন, “তার নাম মো. জামান। সে আমার দেহরক্ষী। শটগানটি তার নামে লাইসেন্স করা।” যদিও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করা উচিত হয়নি বলে স্বীকার করেন তিনি। রাতেই খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অস্ত্রটি জব্দ করা হয় বলে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান।
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তি তার লাইসেন্সেকৃত অস্ত্র আত্মরক্ষার প্রয়োজনে নিজে বহন বা ব্যবহার করতে পারবেন। তবে অন্যের ভীতি বা বিরক্তি উদ্রেক করতে পারে, এমনভাবে প্রদর্শন করা যাবে না।
এ ব্যাপারে জানতে বুধবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মোবাইল ফোনের নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এদিকে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে মাগুরা-১ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আওয়ামী লীগের প্রার্থী ডা. মো. এনামুর রহমানেরও ব্যাখ্যা চেয়েছে অনুসন্ধান কমিটি।
বিচারিক হাকিম জাকির হোসেন বলেন, "প্রার্থীর কাছে চিঠি পাঠানো হয়েছে। শুক্রবারের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।"