২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

“জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা সম্পর্কে আমেরিকা বলেছে, ওই লোক তাদের কেউ না।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2023, 09:45 PM

Updated : 04 Nov 2023, 10:35 PM

হরতাল-অবরোধের মধ্যে পরিবহনে অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, “শুনেছি তারা লোক ভাড়া করে এনে আগুন সন্ত্রাস করে। আমরা আগুন সন্ত্রাসকে বরদাস্ত করব না। যে যেখানে পারেন আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের ধরে পুলিশে সোপর্দ করেন।

বিএনপিকে অগ্নিসংযোগ ও জানমালের ক্ষয়ক্ষতির সঙ্গে সংশ্লিষ্টদের আইনের হাতে তুলে দিয়ে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প (প্যাকেজ-২) উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে সিলেট নগরীর আম্বরখানায় মেগাশপ ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধন করেন মন্ত্রী।

এ সময় তিনি বলেন, “বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে। এর জন্য জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কার করা উচিত।

একইসঙ্গে বিএনপি নেতাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড ছেড়ে নির্বাচনে আসার জন্যও বলেন আব্দুল মোমেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টা সম্পর্কে আমেরিকা বলেছে, ওই লোক তাদের কেউ না। আমেরিকা তাদের আইনে হয়ত তার বিচার করবে, দেশের আইনেও তার বিচার হবে।”

পরে সিলেট সদর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, “১৫ বছরে দেশে সার্বিক উন্নয়নের দিক বিবেচনা করলে আওয়ামী লীগকেই সব সময় ক্ষমতায় রাখতে হবে। আওয়ামী লীগ চায় উন্নয়ন আর বিএনপি চায় ধ্বংসাত্মক, জ্বালাও-পোড়াও অগ্নিসন্ত্রাস। এদের হাত থেকে দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।”

এদিন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ১৬০ জন শিক্ষার্থী ছাত্রছাত্রীকে উৎসাহ দিতে সৌজন্য ক্লাস নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

দুপুর ২টার দিকে পররাষ্ট্রমন্ত্রী সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যান। এ সময় তিনি সেখানে একটি গাছ রোপণ করেন।

এ সময় মন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান মেলার প্রজেক্ট ও আর্টস অ্যান্ড ক্রাফট প্রদর্শনী উদ্বোধন করেন।

পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ১৭ পদাতিক ডিভিশননের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আজিজুল হক হাজারী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন।