২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

শরীয়তপুরে মন্দির থেকে ৪ পিতলের মূর্তি চুরি

দুর্গা, গণেশ, লক্ষ্মী ও ভগবানের মূর্তি উদ্ধারে পুলিশ কাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Sep 2026, 09:38 PM

Updated : 28 Sep 2026, 09:38 PM

শরীয়তপুর সদর উপজেলার একটি মন্দির থেকে চারটি পিতলের মূর্তি চুরি হয়েছে।

সোমবার সকালে শরীয়তপুর পৌরসভার উত্তর বালুচর গ্রামের অশোক কুমার দের বাড়ির মন্দিরে এ ঘটনা ঘটে বলে জানান পালং মডেল থানার ওসি শাহ আলম।

পুলিশ জানায়, চুরি হওয়া মূর্তিগুলোর মধ্যে দুর্গা, গণেশ, লক্ষ্মী ও ভগবানের মূর্তি রয়েছে। মন্দিরের সিসিটিভি ভিডিওতে লাল গেঞ্জি পরা এক যুবককে ভেতরে ঢুকতে দেখা গেছে।

অশোক কুমার দে বলেন, “সকালে আমরা সবাই কাজে চলে যাই। বাড়িতে কেউ ছিল না। বিকালে বাড়ি ফিরে পূজা দিতে মন্দিরে গিয়ে দেখি, ভেতরে রাখা চারটি পিতলের মূর্তি নেই। সন্ধ্যায় বিষয়টি থানায় জানাই। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।”

ওসি শাহ আলম বলেন, “মূর্তিগুলো উদ্ধারে পুলিশ কাজ করছে। মন্দিরের দরজায় তালা ছিল না। সিসিটিভি ভিডিও দেখে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।”