১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ধীরগতির দুর্গতি’ নিয়ে ময়মনসিংহে সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

বিশ্বের ধীরগতির শহরের তালিকায় নবম স্থানে রয়েছে ময়মনসিংহ।

‘ধীরগতির দুর্গতি’ নিয়ে ময়মনসিংহে সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

শুক্রবার ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদিন উদ্যান সংলগ্ন ব্যাটবল চত্বরে ‘ধীরগতির দুর্গতি’ নামের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2023, 10:17 PM

Updated : 13 Oct 2023, 10:17 PM

বিশ্বের ধীরগতির শহরের তালিকায় নবম স্থানে রয়েছে ময়মনসিংহ। ১৫২টি দেশের এক হাজার ২০০টির বেশি শহরে যান চলাচলের গতি বিশ্লেষণ করে এই চিত্র উঠে এসেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ধীরগতির শহরের তালিকায় ময়মনসিংহ যুক্ত হওয়ায় অভিনয়, গান, আবৃত্তির মধ্য দিয়ে নিজেদের আক্ষেপ প্রকাশ করেন সংস্কৃতিকর্মীরা। শুক্রবার বিকালে নগরীর জয়নুল আবেদিন উদ্যান সংলগ্ন ব্যাটবল চত্বরে ‘ধীরগতির দুর্গতি’ নামের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংস্কৃতিকর্মী ও আয়োজক শামীম আশরাফের উপস্থাপনায় আয়োজনের সূচনা করেন বহুরূপী নাট্য সংস্থার সদস্যসচিব শাহাদাৎ হোসেন হিলু। এরপর চলে গান, কবিতা আবৃত্তি, নাটিকা। এর মধ্য দিয়ে শিল্পীরা প্রকাশ করেন ধীরগতির এই শহরের নানা দুর্ভোগের চিত্র।

বহুরূপী নাট্য সংস্থার সদস্যসচিব শাহাদাৎ হোসেন হিলু বলেন, “ময়মনসিংহ ধীরগতির শহরে পরিণত হয়েছে। সময় হচ্ছে মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। যেখানে আমরা সময়ের গতির মধ্যে চলব সেখানে গতিতে না গিয়ে আমরা সময়ের মধ্যে হারিয়ে যাচ্ছি। এতে দৈনন্দিন জীবনে নানা ক্ষতি হচ্ছে।”

আয়োজক শামীম আশরাফ বলেন, “এই নগর ধীরগতিতে বিশ্বে নবম হয়েছে, এটি আমাদের জন্য দুঃসংবাদ। আমাদের শহরের শিল্প-সংস্কৃতির মানুষ যারা আছি তাদের মধ্যে কিছু তরুণ একত্রিত হয়েছি কবিতা, কথা ও গানের মধ্য দিয়ে আমাদের আক্ষেপ প্রকাশ করবার জন্য। আমরা আমাদের এই শহরটিকে সুস্থ, সুন্দর, বাসযোগ্য শহর হিসেবে প্রতিষ্ঠা করতে চাই।”