চুয়াডাঙ্গায় সাপের ছোবলে প্রাণ হারাল কিশোর
ভোর রাতে নির্মাণাধীন বাড়িতে ঘুমানো অবস্থায় নাজমুলের পেটে সাপ ছোবল দেয় বলে তার বাবা জানান।
চুয়াডাঙ্গা পৌর এলাকায় সাপের ছোবলে এক কিশোর মারা গেছে।
শনিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলায় এক ‘কবিরাজের’ বাড়িতে তার মৃত্যু হয় বলে চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. উজ্জ্বল হোসেন জানান।
নিহত নাজমুল হক (১৬) চুয়াডাঙ্গা পৌরসভার নূরনগর গ্রামের চান্দু ফকিরের ছেলে। সে ভ্যানগাড়ি চালাত।
নিহত নাজমুলের বাবা চান্দু ফকির জানান, পাশের ঠাকুরপুর গ্রামে তারা একটি নতুন বাড়ি তৈরি করছেন। সেখানে গিয়ে রাতে ঘুমিয়েছিল নাজমুল। ভোর রাতের দিকে তার পেটে সাপ কামড় দেয়।
“পরে তাকে উদ্ধার করে আলমডাঙ্গায় এক কবিরাজের কাছে নেওয়া হয়। দুপুরে সেখানে চিকিৎসা দেওয়ার সময় তার মৃত্যু হয়।”
প্যানেল মেয়র উজ্জ্বল হোসেন বলেন, ভোর রাতে ঠাকুরপুরে গ্রামে নির্মাণাধীন বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় নাজমুলকে সাপে কাটে। সন্ধ্যার পর নূরনগর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এ বিষয়ে থানায় কেউ অবহিত করেনি বলে চুয়াডাঙ্গা সদর থানার এসআই সঞ্জয় কুমার জানান।
